বিষাদ – রিয়া মন্ডল

অতৃপ্তি গুমরে মরে পাওয়ার আকাঙ্খায়,

দু’চোখে সে কি তীব্র আকুতি!

তোমাকে দেখে বুঝি না।

নিত্যদিনের কর্মে ফাঁকি নেই অথচ

গোটা জীবনে কতশত গড়মিল,

চেয়ে দেখেছ!

আহা! এত প্রশ্ন কেন?

স্বাধীন বলেই তো আত্মীয়-অনাত্মীয় পার্থক্য করি,

যা কিছু মানসিক তা ভাবনার স্তরে থাকুক বরং

তোমার চাহিদা যতটা অপূরণীয়,

তুমি যে তার চেয়েও কঠিন হতে পার।

অদৃষ্টের খেলায় বারবার হেরে গিয়েও যারা ফিরে আসে,

তাদের জয় নান্দনিক।

তারা শূন্যতায় বেঁচে থাকে, গান গায়, ছবি আঁকে,

বিষাদ যে চিরসঙ্গী!

হিসেব চাইলে তোমার চিন্তারা তোমায় ঠকায়,

যে চোখের দৃষ্টি ঝাপসা তার হিসেব চাইতে নেই।

দূরে চেয়ে থাক

বেছে নাও নিঃসঙ্গ পথ চলা।

তোমার নিরন্তর গ্রহণের যাত্রায়

বিষাদ কখন যে মুখ লুকিয়ে নেয়!

বিষাদেরও শালীনতা আছে।

**************

রিয়া মণ্ডল- গবেষিকা, দর্শন বিভাগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী, কনভারজেন্স-এর জার্মান ও সংস্কৃত ভাষাশিক্ষা কোর্সের।